মোঃদিদার হোসেন পিন্টু:
সোমবার, ১১ আগস্ট ২০২৫ প্রিন্ট
নরসিংদীর বেলাবো উপজেলাতে তিন বছর আগে প্রতিটি বাজার আর সড়কের মোড়ে স্থাপন করা হয়েছিল সোলার স্ট্রিট লাইট। এসব লাইটে আলোকিত হয়েছিল গোটা উপজেলা।
কিন্তু কয়েক বছর না যেতেই বিকল হয়ে পড়েছে লাইটগুলো, ফের অন্ধকারে ডুবে গেছে বেলাব উপজেলা।
খোঁজ নিয়ে জানা গেছে, সোলার স্ট্রিট লাইটের খুঁটিগুলো ঠায় দাঁড়িয়ে আছে কিন্তু নেই আলো। কোথাও লাইট আছে তো ব্যাটারি নেই, কোথাও আবার লাইটই নেই। আর এই সুযোগই নিচ্ছে চোর, ডাকাত, ছিনতাইকারীরা। প্রায় প্রতিরাতেই চুরি, ডাকাতি আর ছিনতাইয়ের শিকার হচ্ছে ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ।
সরেজমিনে দেখা গেছে,বেলাবো বাজারে অনেক গুলো লাইটই বিকল হয়ে পরেছে। বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের ভাবলা বাবুরবাড়ির মোড়, বিন্নাবাইদ ইউনিয়নের কাশিমনগর বালুয়াঘাট কবরস্থান, চকমখোলা মাছির মোড়, দুলালকান্দি বাজার, চর উজিলাব পশ্চিমপাড়া, বেলাব সদরের দক্ষিণ টেকপাড়া, রাধাখালী বাজার, বাজনাব কাজির টেক, বীর বাঘবেড় তেঁতুল তলা, ধুকুন্ধি কালিয়ার মোড়, টান-লক্ষ্মীপুর নুরু ফকির-এর মাজার, চর লক্ষ্মীপুর বেলাব বাজার মোড়, পাটুলী মোড়, শাহ ইরানী মাজার মোড়, দুলুর মোড়, বাদশা মোড়ের অধিকাংশ স্ট্রিট লাইট বিকল। এসব এলাকার কিছু লাইট দিনের বেলায় জ্বলে থাকে রাত হলে আর জ্বলে না এরপর পুরো এলাকা অন্ধকার হয়ে যায়।
ভুক্তভোগীদের অভিযোগ, সংশ্লিষ্টদের তদারকির অভাবে সোলার স্ট্রিট লাইটগুলো বিকল হয়ে পড়েছে। এছাড়া ছিঁচকে চোর, মাদকাসক্তরা লাইটের ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। এ কারণে বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতি।
তারা আরো জানান, বহুবার অভিযোগ, আবেদন করেও সোলার স্ট্রিট লাইটের বিষয়ে কোনো সুরাহা মেলেনি। হাড়িসাংগান, চন্দনপুর, ভাবলা মোল্লাবাড়ি মোড়সহ কিছু গুরুত্বপূর্ণ স্থানের লাইট খুলে নিয়ে স্থানীয় প্রভাবশালীরা নিজেদের বাড়িতে লাগিয়েছে।
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) বেলাবো ইউনিটের ব্রাঞ্চ ম্যানেজার বকুল মিয়া বলেন, বৈরি আবহাওয়ার কারণে সোলার স্ট্রিট লাইটের ব্যাটারিতে সমস্যা হচ্ছে।
Posted ১১:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ১১ আগস্ট ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]