টি এম এ হাসান, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ প্রিন্ট
সিরাজগঞ্জে গত ১২ ঘণ্টায় ৪টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা ও হত্যাকাণ্ডের ঘটনা রয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত জেলার শাহজাদপুর, কামারখন্দ, বেলকুচি ও সদর উপজেলায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার খোকশাবাড়ী গ্রামের আব্দুল আল মামুনের ছেলে ও পাঠশালা স্কুলের প্রথম শ্রেণির ছাত্র সিফাত রহমান (৭), কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের মৃত তোফজ্জল মণ্ডলের মেয়ে সালেহা (৫০), বেলকুচি সদর ইউনিয়নের মুলকান্দি দশখাদা গ্রামের মৃত আব্দুস ছালাম প্রামাণিকের ছেলে মনিরুল ইসলাম (২০) ও শাহজাদপুর পৌর সভার দ্বারিয়াপুর মহল্লার ইসহাক আলীর পালিত ছেলে সাদ্দাম হোসেন (২৮)।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম শাহ জানান, বাবার সঙ্গে অটোরিকশা যোগে পাঠশালা স্কুলে যাচ্ছিল শিশু সিফাত। স্কুলের কাছে এসে অটোরিকশা থেকে নেমে ভাড়া দিচ্ছিলেন বাবা আব্দুল আল মামুন। এ সময় শিশুটি দৌড়ে রাস্তা পার হওয়ার সময় কাঠেরপুল থেকে শহরগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান বলেন, স্বামী পরিত্যক্তা সালেহা দীর্ঘদিন ধরে সাংসারিক নানা কারণে মানসিক অস্থিরতায় ভুগছিলেন। আজ (৭ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশের গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, বেলকুচি সদর ইউনিয়নের মুলকান্দি দশখাদা গ্রামে একটি খোলা মাঠে মনিরুলের গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা বলেন, স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে মানসিক অশান্তিতে থাকা সাদ্দাম হোসেন তার বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরের অপরিচিতি এক ব্যক্তির বাড়ির কাঠাল গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে (৭ ফেব্রুয়ারি) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।##
Posted ০৪:০৬ অপরাহ্ণ | বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]