সাধন রায়, লালমনিরহাট প্রতিনিধি :
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩ প্রিন্ট
লালমনিরহাটের আদিতমারীতে অটোচালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় চার আসামীকে গাজীপুরের কোনাবাড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২৩ আগস্ট) রাতে তাদেরকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে আদিতমারী থানায় হস্তান্তর করা হলে এলাকাবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ করে।
গ্রেফতারকৃতরা হলেন, আদিতমারীর খারুভাজ বালাপাড়া এলাকার মোঃ সিরাজুল ইসলাম (১৬), পিতা-মোঃ মমিনুল ইসলাম, মোঃ শামসুল হক বাবু (৩২), পিতা-মৃত মোন্তাজ আলী, মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে মুন্না (১৭), পিতা-আব্দুল মতিন এবং মোঃ মোমিনুল ইসলাম (৪৫), পিতা-মোঃ নাজিম উদ্দীন।
এ ঘটনায় থানায় বাদি হয়ে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বড় ভাই।
মামলা ও পুলিশ সুত্রে জানা যায়,
গত ২০ আগস্ট প্রতিদিনের মতো অটোচালক আঃ রাশিদ তার ছোট ছেলের জন্য রাতের খাবার নিয়ে বাড়ি হতে বুড়িরবাজার মাদ্রাসায় ছোট ছেলেকে খাবার পৌঁছে দেয়। রাত্রে বাড়ি ফিরে না আসায় তার ব্যবহৃত মোবাইলে ফোন করলে তা বন্ধ পাওয়া গেলে পরদিন আত্মীয়-স্বজন খোঁজা-খুঁজি করে এবং তার বড় ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) খুঁজে না পাওয়ার বিষয়টি পোস্ট করলে রাত সাড়ে দশটার দিকে ভেটেশ্বর নদী থেকে আঃ রশিদ (৪৪) এর মৃত দেহ উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের বড় ভাই নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, মূল পরিকল্পনাকারী সিরাজুল ইসলাম (১৬) এর পূর্বপরিকল্পনা মোতাবেক সহযোগী আসামীদের সহযোগীতায় ঘটনার দিন রাতে বুড়িরবাজার থেকে অটোমিশুক ভাড়া করে বাবুর বাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে পূর্বপরিকল্পনা অনুযায়ী ডাকাতপাড়া ব্রীজের উপর প্রসাব করার কথা বলে থামাতে বলে ছিনতায় এর উদ্দেশ্যে শামসুল হক ও মোস্তাফিজুর রহমান ধস্তাধস্তি শুরু করে। একপর্যায়ে সিরাজুল ইসলাম পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় সজোরে আঘাত করলে আঃ রাশিদ রাস্তায় লুটিয়ে পড়ে। টাকা পয়সা এবং অটো রিক্সা নিয়ে ভিকটিমকে অর্ধ-মৃত অবস্থায় ব্রীজের উপর থেকে পানিতে ফেলে দেয়। পরবর্তীতে অটোমিশুক নিয়ে মোস্তাফি বাজারে ভাঙ্গারী দোকানে বিক্রি করতে গেলে দোকানদার বৈধ কাগজ চাওয়ায় তারা মোস্তাফি বাজারে অটো ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তারা পালিয়ে গাজীপুর কোনাবাড়ী এলাকায় অবস্থানরত আসামী সিরাজুল ইসলামের বাবা মোমিনুল ইসলামের বাসায় আত্মগোপন করে এবং সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয়।
এদিকে আসামীদের থানায় নিয়ে আসার ঘটনা ছড়িয়ে পড়লে তার ছেলে-মেয়া স্ত্রী পরিবার সহ শত শত এলাকাবাসী থানায় এসে বিক্ষোভ শুরু করে। এসময় তারা সড়ক অবরোধ করে জড়িতদের শাস্তির দাবি জানায়। ঘন্টা দুয়েক বিক্ষোভ ও অবরোধ শেষে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক হ্যান্ডমাইকে দ্রুত আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও হত্যার ঘটনায় অস্ত্র উদ্ধারের আশ্বাস দিলে তারা ফিরে যায়।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে এঘটনার বিস্তারিত জানানো হবে।
Posted ০৮:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]