জসীম উদ্দীন, মাগুরা :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫ প্রিন্ট
মাগুরায় আলোচিত শিশু ধর্ষন ও হত্যা মামলার বিচার শুরুর মাত্র ২১ দিনে বিচার কার্যক্রম শেষ হলো। আগামী ১৭মে শনিবার এই মামলার রায় ঘোষণা করবে আদালত।
মঙ্গলবার (১৩ মে) যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি)মনিরুল ইসলাম মুকুল এ তথ্য জানান।
আদালত সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা অংশ নেন। এ সময় মামলার চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলাটি জনগুরুত্ব বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটর্নি জেনারেলের মর্যাদাসম্পন্ন আইনজীবী এহসানুল হক সমাজীকে বিশেষ কৌঁসুলি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তিনি মঙ্গলবার শুনানিতে অংশ নিয়ে বলেন, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল প্রতিবেদন ও সাক্ষ্য-প্রমাণে অপরাধ স্পষ্ট। তিনি আশা প্রকাশ করেন, আসামীদের দৃষ্টান্তমূলক সাজা হবে।
রাষ্ট্রপক্ষ জানিয়েছে, মামলায় ২৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে এবং আসামিদের ৩৪২ ধারায় জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে।
গত ৬ মার্চ শিশুটি বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে তাকে পৈশাচিক নির্যাতন ও হত্যাচেষ্টা করা হয়। পরদিন মাগুরা সদর থানায় মামলা করা হয়। শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মামলার তদন্ত, অভিযোগপত্র দাখিল, অভিযোগ গঠন ও বিচার প্রক্রিয়া খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়, যা বিচার ব্যবস্থার এক বিরল দৃষ্টান্ত।
রাষ্ট্রপক্ষ আশা করছে, আগামী ১৭মে শনিবার ঘোষিত রায় দৃষ্টান্ত স্থাপন করবে এবং সমাজে এমন নিষ্ঠুর অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Posted ০৫:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]