রাইসুল ইসলাম রুবেল, ফরিদপুর :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ প্রিন্ট
ফরিদপুরের মধুখালী উপজেলার গোন্দারদিয়া এলাকায় শাহ মো. রাজন (২৮) হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে বিশ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক অশোক কুমার দত্ত এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—মধুখালী উপজেলার মো. আরমান হোসেন, মির্জা মাজহারুল ইসলাম মিলন, মো. মামুন শেখ, মো. আছাদ শেখ (পলাতক) ও মো. ইলিয়াস মৃধা। রায় ঘোষণার সময় চারজন আসামি আদালতে উপস্থিত থাকলেও আছাদ শেখ পলাতক ছিলেন। উপস্থিত চারজনকে রায় পরবর্তী সময়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
রায়ে আরও উল্লেখ করা হয়, দণ্ডিতদের সাত বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৭ মার্চ বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শাহ মো. রাজন। ওই দিন বিকেলেই আসামিরা তার ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি মধুমতি নদীতে ফেলে দেয়। পরে কুড়ানিয়ার চর এলাকায় সিদ্দিক মাষ্টারের বাগানে নিয়ে রাজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ মাটিচাপা দেয়।
পরে আসামি আরমান হোসেনের স্বীকারোক্তির ভিত্তিতে ২ এপ্রিল সকালে পুলিশ বাগানের একটি চালা ঘরের নিচ থেকে রাজনের মরদেহ উদ্ধার করে। পরদিন ৩ এপ্রিল নিহতের মা জোসনা বেগম বাদী হয়ে মধুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ফরিদপুরের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রকিবুল ইসলাম বিশ্বাস। তিনি রায়ের প্রতিক্রিয়ায় বলেন, “এই রায়ের মাধ্যমে আমরা ন্যায়বিচার পেয়েছি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে একটি সন্তোষজনক রায় এসেছে।”
Posted ০৬:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]