আব্দুর রহমান মোল্লা
শনিবার, ১১ জুলাই ২০২৬ প্রিন্ট
কেরানীগঞ্জের রোহিতপুর বডিং থেকে তালিপুরগামী সড়কটি সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আজ শনিবার, ১১ই জুলাই ২০২৬, সকাল ১১টার দিকে সরেজমিনে সড়কটির এমন বেহাল দশা ও জনদুর্ভোগের চিত্র প্রত্যক্ষ করা যায়। ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা ও নিয়মিত সংস্কারের অভাবে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি জলমগ্ন হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের অধিকাংশ স্থান পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের ঝুঁকি নিয়ে পানি ভেঙে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। অনেক স্থানে ড্রেনগুলো ময়লা-আবর্জনায় পরিপূর্ণ হয়ে পুরোপুরি ‘জাম’ হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো সুযোগ নেই, ফলে বৃষ্টির পানি জমে সড়কে কৃত্রিম বন্যার মতো অবস্থার সৃষ্টি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না করায় সামান্য বৃষ্টিতেই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অনেক ক্ষেত্রে রাস্তার পানি জমে সড়কের পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, জলাবদ্ধতার এই সমস্যা দীর্ঘদিনের হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরই উদাসীন। দ্রুত ড্রেনগুলো পরিষ্কার ও সড়ক সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও চরম আকার ধারণ করবে। জনস্বার্থে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সড়কটির স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
Posted ০৩:৪১ অপরাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]