রবিবার ৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যখাতে দুর্নীতি-অবহেলা বরদাশত করা হবে না, নরসিংদীতে হবে অত্যাধুনিক হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী

শনিবার, ০৪ জুলাই ২০২৬   প্রিন্ট  

স্বাস্থ্যখাতে দুর্নীতি-অবহেলা বরদাশত করা হবে না, নরসিংদীতে হবে অত্যাধুনিক হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, স্বাস্থ্যখাতে অবহেলা, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের কোনো সুযোগ রাখা হবে না। সততার সঙ্গে কাজ করতে হবে। দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে নতুনভাবে সাজানো হবে এবং সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোরও উন্নয়ন করা হবে।

শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে চলতি বছর থেকেই একটি বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে চায় সরকার। জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নতুন নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘এবারের বাজেট শুধু অর্থের বাজেট নয়, এটি আদর্শের বাজেট। প্রতিটি কর্মসূচি দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।’
তিনি জানান, চলতি বছরই ৫০ জন শিক্ষার্থী নিয়ে নরসিংদী মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে মেডিকেল কলেজের ক্লাস অনুষ্ঠিত হবে। আর নার্সিং ইনস্টিটিউটের ক্লাস চলবে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের নতুন ভবনে। মেডিকেল কলেজের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের কাজ চলছে। স্থান চূড়ান্ত হওয়ার পরই স্থায়ী ভবন নির্মাণ শুরু হবে।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, চীনের সহযোগিতায় দেশে যে ১৮টি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে, তার একটি নরসিংদীতে স্থাপন করা হবে। হাসপাতালটি শহরের আশপাশে নির্মাণের চেষ্টা করা হবে। এছাড়া দেশের প্রতিটি উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, প্রতিটি উপজেলা হাসপাতালে ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে, যাতে গ্রামের দরিদ্র ও অসহায় মানুষ সহজেই চিকিৎসাসেবা পান।

বেসরকারি হাসপাতালের সেবার মান নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে নরসিংদীর প্রতিটি বেসরকারি হাসপাতালে লেবার ওয়ার্ড রয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদন দিতে সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো হাসপাতাল আইন অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে। মানুষের জীবন নিয়ে কেউ খেলতে পারবে না।

তিনি বলেন, সম্প্রতি একটি হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় সরকার তাৎক্ষণিকভাবে হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে। এ ঘটনা থেকে দেশের সব হাসপাতালের শিক্ষা নেওয়া উচিত। একই সঙ্গে সরকারি ও বেসরকারি সব হাসপাতালকে দালালমুক্ত করতে সিভিল সার্জনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন প্রমুখ। এছাড়া নরসিংদী ডায়াবেটিক সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:১৬ অপরাহ্ণ | শনিবার, ০৪ জুলাই ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]