-আকতার জামিল
রবিবার, ১২ অক্টোবর ২০২৫ প্রিন্ট
তুমি এসেছো সকালের স্নিগ্ধ আলোয়,
এক মায়া রোদ্দুরের মতো
তোমার হাসির ভেতর লুকিয়ে আছে
অগণন নক্ষত্রের ক্লান্ত দীপ্তি।
তোমার চোখে রয়েছে এক সমুদ্র,
যেখানে ঢেউ ওঠে অব্যক্ত নৈঃশব্দ্যে,
তুমি তাতে ভেসে চলেছ,
আমি তীরে দাঁড়িয়ে-
শুধু তুমিই জানো, আমার নাম ধ্বনিত হয় কি না
তোমার সেই ঢেউয়ের অন্তরে।
দু’জনের মাঝে অসীম দেয়াল,
তবু মাঝেমধ্যে মনে হয়,
এই সীমারেখাগুলো কেবল সময়ের আঁকা এক ভ্রমচিহ্ন,
যা মুছে দিলে, ভালোবাসা হতো এক নীলা জ্যোৎস্না।
প্রতিদিন তোমাকে দেখি,
চায়ের কাপে আলো পড়লে তোমার আঙুলে
দেখি এক অদ্ভুত স্পন্দন
যেন আমার অনুচ্চারিত ভালোবাসা
সেখানে লুকিয়ে ধুকছে নিঃশব্দে।
তোমার উপস্থিতির উষ্ণতায়
মন চায় সব দূরত্ব ভেঙে মিশে যেতে,
কিন্তু সমাজের কাঁটাতারে আমার হাত ছিঁড়ে যায়।
তবু আমি হাসি, কারণ এই কষ্টই আমার সৌন্দর্য,
এই অপ্রাপ্তিই আমার শিল্প।
তুমি হয়তো চাও বলতে, “থাকো কাছে”,
কিন্তু তোমার ঠোঁটের দ্বিধা ভাঙে না
আমারও না।
তবু তোমার চোখে দেখি,
এক অনন্ত অপেক্ষার গোপন মন্ত্র।
তোমার একটুখানি ডাকেই
আমার সমস্ত নীতিবোধ গলে যেতে চায় ধূপের মতো,
তবু আমি চুপ থাকি
কারণ এই নীরবতাই হয়তো
আমাদের একমাত্র পবিত্রতা।
যদি একদিন তুমি বলো, “এসো”,
তবে আমি আগুনে ঝাঁপ দেব হাসিমুখে
কারণ মৃত্যু নয়,
তোমার স্পর্শেই শুরু হবে আমার জীবন।
Posted ১০:১৭ অপরাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]