এনামুল হক, শেরপুরঃ
বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ প্রিন্ট
শেরপুর জেলায় বসবাসরত সকল নৃ-জনগাষ্ঠির মাতৃভাষায় শিক্ষার অধিকার সহ পঞ্চমূখী দাবীতে ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবস উদযাপন উপলক্ষে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর ও ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এবং সমমনা বিভিন্ন সংগঠনের যৌথ আয়োজনে শেরপুর পৌর শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন কমসূচি পালন করা হয়। এতে গারো, কোচ, হাজং, বর্মন, বানাই, ডালু, হদি সম্প্রদায়ের নেতৃবৃন্দ সহ শিক্ষাবিদ, নাগরিক সমাজের নেতৃবৃন্দ, রাজনীতিক ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।
ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে ৫ দফা দাবী সম্বলিত প্রধানমন্ত্রী বরাবরে লিখিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কার্যালয়ে হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে সকল নৃ-জনগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণ, পাঠ্যপুস্তক প্রণয়ণ, শিক্ষাপ্রতিষ্ঠানে আদিবাসী শিক্ষক সংকট দূরীকরণ এবং জেলায় নৃ-জনগোষ্ঠির একটি কালচারাল একাডেমী স্থাপনের দাবী জানানো হয়।
মানববন্ধনে শ্রীবরদী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমার সভাপতিত্বে শিক্ষাবিদ শিব শংকর কারুয়া, কবি জ্যোতি পোদ্দার, নারী নেত্রী আইরীন পারভীন, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, ঝিনাইগাতী ট্রাইভাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. নবেশ খকশী, জেলা কোচ আদিবাসী ইউনিয়ন সভাপতি রয়েল কোচ, বর্মন নেতা শিক্ষক হিরন চন্দ্র বর্মন, সুমন্ত বর্মন, কমিউনিস্ট পার্টির নেতা সোলায়মান আহমেদ, নৃত্যশিল্পী কমল পাল, পুরোহিত কমল চক্রবর্তী, উদীচী সহ-সভাপতি এস.এম. আবু হান্নান, যুব নেতা শুভংকর সাহা, পবিত্র বর্মন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশে বসবাসকারী সকল আদিবাসীদের ভাষা রক্ষার দিকে নজর দিতে হবে। যেসব আদিবাসী জনগোষ্ঠির ভাষা প্রচলিত আছে কিন্তু নিজস্ব বর্ণমালা নেই, তাদের বর্ণমালা উদ্ধার ও লিপিবদ্ধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে। সকল আদিবাসী জনগোষ্ঠির নিজস্ব ভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে। আদিবাসী এলাকায় মাতৃভাষায় পাঠদানের উপযুক্ত শিক্ষক নিয়োগ করতে হবে।
Posted ০৮:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]