বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মুখোশের শহরে এক মানুষের আর্তি

রবিবার, ১২ অক্টোবর ২০২৫   প্রিন্ট  

Default Image

 

নগরজুড়ে কুয়াশা নয়, মিথ্যার ধোঁয়া।
রোদ উঠে, তবু আলো আসে না চোখে।
সবাই মুখোশ পরে,
হাসির নীচে জমে থাকে পচা অনুরাগের ছায়া।

 

প্রতিটি জন্মসনদে বয়স নয়,
গজায় এক মিথ্যার শিকড়।
যে শিশুটি অক্ষর শেখে,
সে জানে না-
তার নামের পাশে ফোঁটে এক ভুয়া তারিখ,
যেমন সমাজে ফোটে কৃত্রিম পদ্মফুল,
যার গন্ধে নেই কোনো নদীর স্মৃতি।

 

শিক্ষা নয়, কেবল সনদ,
যেমন আত্মা নয়, কেবল মুখ।
আমরা সবাই হাঁটছি
একটা সার্কাসে,
যেখানে শিক্ষক মঞ্চে, ছাত্র দর্শক,
আর দর্শকরাই হাততালি দেয়
সবচেয়ে সুন্দর প্রতারণার দৃশ্যে।

বইয়ের পাতায় লেখা থাকে- “সত্য বলিবে”,
কিন্তু শ্রেণিকক্ষের বাইরেই
সত্য মরে যায় কোনো সরকারি ফাইলে,
অথবা টেন্ডারের দরপত্রে
রক্তমাখা স্বাক্ষরের নিচে।

কেউ চায় উন্নয়ন,
কেউ চায় ক্ষমতা,
কেউ চায় কেবল পাস নম্বর।
শুধু শিশুটির চোখে প্রশ্ন-
“মানুষ হতে গেলে
কতবার মিথ্যে বলতে হয়, মা?”

মায়ের মুখ নীরব,
তার ঠোঁটের কোণে একফোঁটা কপটতা,
যা রাষ্ট্রের মতোই শক্ত,
ধর্মভীরুতার মতোই নিঃশব্দ।

আমরা প্রতিদিন
মিথ্যার বীজ বুনি হৃদয়ের মাঠে,
আর স্বপ্ন দেখি,
সেখানে ফুটবে জ্ঞানের ফুল।
কিন্তু ফোটে না,
ফোটে কেবল পাথরফুল,
যা রঙিন, কিন্তু গন্ধহীন।

একদিন হয়তো
এই শহর আগুনে জ্বলে উঠবে না,
বরং নিজের ঠান্ডা নির্লিপ্ততায়
বরফ হয়ে যাবে।
তখন কেউ বলবে না-
“আমরা মানুষ ছিলাম,”
কারণ ততদিনে
আমরা সবাই সনদ হয়ে যাবো।

Facebook Comments Box

Posted ১০:২২ অপরাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]