বাগেরহাট প্রতিনিধি
বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ প্রিন্ট
পূর্ব সুন্দরবনের হারবারিয়া, চরপুটিয়াসহ বিভিন্ন এলাকায় বনদস্যুরা দস্যুতা চালিয়ে ১১ জেলেকে অপহরণ ও মাছ লুট করে নিয়ে যায়। গত রবিবার রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে বনদস্যুদের এই দস্যুতার ঘটনা ঘটে। সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের গহীন বনের ভিতর জেলেদের আটকে রেখে জিম্মি হিসেবে বনদস্যুরা মোবাইল ফোনে অপহৃত জেলে পরিবার ও নিকট আত্মীয়দের কাছ থেকে চাঁদা আদায় করছিল। এই খবরের পর বাগেরহাট জেলা পুলিশ শরণখোলা, মোড়েলগঞ্জ ও মংলা থানার সহায়তায় যৌথ অভিযান শুরু করে। অভিযানের প্রথম দিনে মঙ্গলবার গভীর রাতে শরণখোলা রেঞ্জের বন বিভাগের ভিতর জিম্মি রাখা বাগেরহাট সদর উপজেলার হাবি মল্লিকের ছেলে সোহেল মল্লিক (২৮), মংলা বাজিকর খন্তের সিদ্দিক শেখের ছেলে আসাদুল শেখ (৩২), ও রামপালের বেতকাটা এলাকার করম আলী হাওলাদারের ছেলে হানিফ হাওলাদারকে উদ্ধার করে পুলিশ ।
একই সময়ে মংলা চাঁদপাই রেঞ্জের বিভিন্ন খাল থেকে আকরাম শেখ (৪২), আনিচ শেখ (২২), মো. মিলন শেখ (২৩), রফিকুল ইসলাম খাঁন (৩৫), শুকুর আলী বেপারী (৩০), মো. মনির ব্যাপারী (৩৬), মো. অলি শিকদার (৪৮), মো বকতিয়ার বেপারী (৩৫) নামের ৮ জেলেকে জিম্মি অবস্থায় উদ্ধার করে মংলা থানা নিয়ে আসে। উদ্ধারকৃতদের বাড়ী খুলনা, বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। মামলা ও পরবর্তী কার্যক্রমের জন্য উদ্ধাকৃতদের পুলিশি হেফজতে রেখে প্রাথমিক চিকিৎসা ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সুপার জানান। এদিন দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক উদ্ধারকৃত জেলেদের শরণখোলা থানা পুলিশের নিকট হস্তান্তর করেন ও এ সময়ে তিনি প্রেসব্রিফিং করে বনদস্যুদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, বাগেরহাট ও খুলনা জেলার স্থানীয় জেলেরা বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের অনুমতি নিয়ে বনের চাঁদপাই, জিউধরা, ধানসাগর, বগি ও শরণখোলা ফরেস্ট স্টেশন হতে মাছ/কাকড়া ধরার জন্য গত ৯ ডিসেম্বর সুন্দরবনের অভ্যন্তরে প্রবাহমান বিভিন্ন নদী/খালে ট্রলারসহ মাছ/কাকড়া ধরা শুরু করে। এ সময়ে কতিপয় বনদস্যু সুন্দরবনের অভ্যন্তরে বিভিন্ন নদী/খালে থাকা উক্ত জেলেদের মাছ ধরাকালে তাদের ট্রলার হতে ১১ জন জেলেকে অপহরণ করে জিম্মি হিসেবে আটকে রেখে মোবাইল ফোনের মাধ্যমে অপহৃত জেলেদের নিকটাত্মীয় স্বজনদের কাছ থেকে নগদ অর্থ দাবী করে। খবর পেয়ে বাগেরহাট জেলা পুলিশ তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে অপহৃত ১১ জন জেলেকে পূর্ব সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের বর্তমানে বাগেরহাট জেলা পুলিশের হেফাজতে রেখে প্রাথমিক চিকিৎসা প্রদান ও ঘটনা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে উল্লেখ করেন।
গত ১৫ ডিসেম্বর দিবাগত রাতে নয়ন বাহিনী নামে নতুন এ ডাকাত বাহিনী সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হরমাল খাল ও বেরির খালে কাঁকড়া শিকার করার সময়ে জেলেদের উপর হামলা চালিয়ে তাদেরকে জিম্মি হিসেবে আটকে রাখে। পরে পুলিশের অভিযানের খবর পেয়ে বনদস্যু বাহিনী জিম্মিদের বিভিন্ন স্থানে ছেড়ে দিয়েছে বলে উদ্ধারকৃত জেলেরা জানায়। উদ্ধারকৃতদের শরীরের বিভিন্ন স্থানে মারপিটের চিহ্ন রয়েছে বলে জেলেরা সাংবাদিকদের জানান।
Posted ০৯:২৬ অপরাহ্ণ | বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]