সোহেল রানা
সোমবার, ২৯ জুন ২০২৬ প্রিন্ট
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কথিত “তুরাগ ট্র্যাজেডি” সংক্রান্ত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে “Daily Ajker Kantho – ডেইলি আজকের কণ্ঠ” নামের একটি ফেসবুক পেজসহ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে তাকে জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে আশুলিয়ায় সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অপচেষ্টা করা হয়েছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলের উদ্দেশ্যে নৌকাযোগে কয়েকজন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী আশুলিয়া বাজার ঘাট এলাকায় পৌঁছালে দায়িত্বরত পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় নৌকায় থাকা কয়েকজন দ্রুত পালানোর চেষ্টা করেন এবং আতঙ্কিত হয়ে কয়েকজন তুরাগ নদীতে ঝাঁপ দেন। ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
পরবর্তীতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় অপমৃত্যুর মামলাও দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ফটোকার্ড ও বিভ্রান্তিকর পোস্ট প্রচার করছে এবং তার সম্পৃক্ততার বিষয়ে সম্পূর্ণ মনগড়া ও কাল্পনিক বক্তব্য ছড়াচ্ছে, যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।
তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ঘটনাটি আশুলিয়া থানার আওতাধীন এলাকায় সংঘটিত হয়েছে এবং ঘটনাস্থল, মিছিলের স্থান ও মরদেহ উদ্ধারের স্থান—কোনোটিই ঢাকা-১৮ আসনের অন্তর্ভুক্ত নয়। পাশাপাশি তিনি দাবি করেন, এ ঘটনায় তার বা তার রাজনৈতিক সহকর্মীদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২৭ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত “তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে” শিরোনামের সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এ ধরনের অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে।
এস এম জাহাঙ্গীর হোসেন জানান, তার বিরুদ্ধে পরিচালিত অপপ্রচার, মানহানি এবং মিথ্যা তথ্য প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিনি ইতোমধ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এনেছেন।
সবশেষে তিনি তার নির্বাচনী এলাকার জনগণ, দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য দ্বারা প্রভাবিত না হয়ে সত্য ও যাচাইকৃত তথ্যের ওপর আস্থা রাখুন।”
Posted ১২:৪৮ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]