শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | সোমবার, ০২ মার্চ ২০২৬ | প্রিন্ট
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ভেজাল ও ওজনে কম পণ্য বিক্রির অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার (০২ মার্চ ২০২৬) দুপুর ২টায় উপজেলা প্রশাসন, ভৈরব ও বিএসটিআই আঞ্চলিক অফিস, নরসিংদীর যৌথ উদ্যোগে ভৈরব উপজেলার বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্টে মেসার্স সরদার সুইটস, ভৈরব, কিশোরগঞ্জ নামীয় প্রতিষ্ঠানে গুণগতমান যাচাই সাপেক্ষে বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ না করে সুইটমিট বিক্রয় করায় বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স হোটেল হাজী রাশেদ মোল্লাহ নামীয় প্রতিষ্ঠানের ফার্মেন্টেড মিল্ক পণ্যে ওজনে কম প্রদান করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে দুর্জয় মোড়, ভৈরব, কিশোরগঞ্জ এলাকায় অবস্থিত আল আমিন ফল ভান্ডার, মোল্লাহ স্টোর, ইসমাইল ফলের দোকান, মিলন ফল ভান্ডার, হাশেম ফলের দোকান, বিসমিল্লাহ স্টোর, মায়ের দোয়া ফল ভান্ডার ও সজিব ফল ভান্ডার—এই আটটি ফলের দোকানের ওজনযন্ত্র যাচাই করা হয়। যাচাই শেষে ওজনযন্ত্র সঠিক পাওয়া যায় এবং অতিরিক্ত ওজনের ঠকনা ব্যবহার না করায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ধন্যবাদ জানানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ভৈরব উপজেলার ভূমি সহকারী কর্মকর্তা এ এইচ এম আজিমুল হক। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নরসিংদী অফিসের ফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান ও পরিদর্শক (মেট্রোলজি) শেখ রাসেল। এ সময় ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন উপস্থিত ছিলেন।
জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Posted ৮:৫৬ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।