বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ : | বুধবার, ১১ মার্চ ২০২৬ | প্রিন্ট
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার কাঠালী এলাকায় কারখানার সামনে মহাসড়কে অবস্থান নেন তারা। এতে প্রায় তিন ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পরে সেনাবাহিনী, ভালুকা মডেল থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করে। একপর্যায়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে লাঠিচার্জ করা হয়। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা এখনো পরিশোধ করা হয়নি। ১০ মার্চ এসব পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণে ক্ষোভে তারা মহাসড়ক অবরোধ করেন। এর আগেও গত ১৪ ফেব্রুয়ারি একই দাবিতে ওই কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন।
কারখানার কর্মী কমলা আক্তার বলেন, “আমরা কাজ করি, আমাদের তৈরি পোশাক বিদেশে রপ্তানি হয়। মালিকপক্ষ টাকা পেলেও আমরা সময়মতো বেতন পাই না। এই চাকরির ওপরই আমাদের জীবন-জীবিকা নির্ভর করে। সামনে ঈদ, পরিবারের জন্য কেনাকাটা করতে হবে। কিন্তু এখনো বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা দেওয়া হয়নি। কবে দেওয়া হবে তাও কেউ স্পষ্ট করে বলছে না।”
সুমন নামের এক শ্রমিক জানান, প্রায় তিন বছর ধরে তারা এই কারখানায় কাজ করছেন। বেশ কিছুদিন ধরেই কারখানায় নানা সমস্যা চলছে। ঈদের আগে বেতন-বোনাস না পেলে শ্রমিকদের পরিবার নিয়ে বাড়ি ফেরা কঠিন হয়ে পড়বে।এ বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। কর্তৃপক্ষ আগামীকাল বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে। শেফার্ড গ্রুপ লিমিটেডের জিএম মোকলেছুর রহমান বলেন, কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামীকালের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে এবং ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস দেওয়া হবে।
Posted ৪:১৬ অপরাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।