নরসিংদী প্রতিনিধি | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
নরসিংদীর শিবপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের সৃষ্টিগড় মধ্যপাড়া গ্রামের সিরাজুল ইসলাম এর বাঁশঝাড় থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার রাতের কোনো একসময় ওই নারীকে হত্যা করে মরদেহ বাঁশঝাড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সোমবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) মাসুদ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এসআই মাসুদ জানান, নারীর আনুমানিক বয়স ৩৫ হবে। ধারণা করা হচ্ছে ওই নারীকে গলায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যাতে পরিচয় সনাক্ত করতে না পারে সেজন্য দুইহাতের আঙ্গুল এবং মুখমন্ডল ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করেছে হত্যাকারীরা।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
Posted ৫:৫৩ অপরাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।