শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
নরসিংদীর রায়পুরায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে তিন কেজি গাঁজাসহ মো. রতন ভূঁইয়া (৫৫) নামে এক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রতনের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধে ১৭টি মামলা রয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৮:২৫ ঘটিকার সময় রায়পুরা থানাধীন করিমগঞ্জ নয়াহাটি এলাকার একটি দোকানের সামনে থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ-এর নির্দেশে এসআই (নিরস্ত্র) মো. জামিরুল ইসলামের নেতৃত্বে এএসআই তারেক রহমান ও সংগীয় ফোর্স এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন করিমগঞ্জ নয়াহাটি গ্রামের জনৈক আল-আমিনের দোকানের সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে রতন ভূঁইয়াকে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রতন ভূঁইয়া রায়পুরা থানার করিমগঞ্জ নয়াহাটি গ্রামের মৃত আব্দুস সালাম ভূঁইয়ার ছেলে। গোয়েন্দা পুলিশের রেকর্ড অনুযায়ী, সে এলাকার একজন পেশাদার অপরাধী এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও মাদক সংক্রান্ত মোট ১৭টি মামলা রয়েছে।
নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকমুক্ত জেলা গড়ার লক্ষ্যে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই দুর্ধর্ষ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
Posted ৪:৩৫ অপরাহ্ণ | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।