ময়মনসিংহ ব্যুরো : | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
ময়মনসিংহে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ সজীবকে (৩০) নামে এক ছাত্রদল নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ওই ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করেছে সমর্থকরা। হামলায় রফিকুল ইসলাম নামে পুলিশের এক উপ-পরিদর্শক আহত হন।
গ্রেপ্তারের সময় সজীবের কাছ থেকে ৫ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল রশিদ।
এর আগে, গত সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর বলাশপুর মরাখলা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ সজীবকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল রশিদ বলেন, ‘অস্ত্রসহ সজীবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পথে তার সমর্থকরা বাধা দেয়। এসময় তারা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে এসআই রফিকুল ইসলাম রক্তাক্ত জখম হয়।’ এ ঘটনায় পুলিশের দুটি মাইক্রোবাস ভাঙচুর করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল রশিদ আরও বলেন, ‘এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান আছে। সেই সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হবে।’
সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি (তদন্ত) আবুল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Posted ৫:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।