শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ | প্রিন্ট
আজ মঙ্গলবার (৮ জুলাই) নরসিংদী জেলার গুরুত্বপূর্ণ চৌয়ালা সুইচিং স্টেশনে আকস্মিকভাবে আগুন লাগার ঘটনা ঘটে। এতে করে ডিসি রোড লাইন, জবা মিল লাইন, বিলাসদীসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।
পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় যাতে বড় ধরণের ক্ষয়ক্ষতি এড়ানো যায়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ দুর্ঘটনার সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ এখনও চলছে।
এ বিষয়ে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদরের ডিজিএম জানান, সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করার চেষ্টা চলছে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সাধারণ জনগণকে বিদ্যুৎ ফিরে না আসা পর্যন্ত ধৈর্য ধারণের অনুরোধ জানিয়েছে এবং যেকোনো গুজব এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
Posted ৭:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।