শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
মানসম্মত নির্মাণ সামগ্রী (ক্লে ব্রিকস) ও কাপড়ের রঙের স্থায়িত্ব (কালার ফাস্টনেস) নিশ্চিত করতে নরসিংদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বিএসটিআই।
আজ ২১ জানুয়ারি বুধবার নরসিংদীর শেখেরচর (বাবুরহাট) ও আশপাশের এলাকায় বিএসটিআই’র একটি সার্ভিল্যান্স টীম এই অভিযান চালায়। সহকারী পরিচালক (সিএম) নিখিল রায়ের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেন ফিল্ড অফিসার (সিএম) পারভেজ মিয়া ও ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন।
অভিযান চলাকালে চিনবালাপুরের গ্লোবাল ব্রিকস কর্পোরেশন, বালাপুরের জাকাত হোসেইন ভুইয়া-৩ এবং খানমর্দির আহসানুল্লাহ ট্রেডার্স-১ নামক তিনটি ইটভাটা পরিদর্শন করা হয়। প্রতিষ্ঠানগুলো মানসম্মত ইট উৎপাদন ও বাজারজাতকরণে বিএসটিআই’র বৈধ সিএম লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হয়।
একই সাথে শেখেরচর বাবুরহাট এলাকার ইরানি থ্রি পিস, প্রাইম প্রিন্ট শাড়ি এবং মদিনা টেক্সটাইল মিলস লিমিটেড পরিদর্শনকালে দেখা যায়, প্রতিষ্ঠানগুলো থান কাপড়, শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিসের রঙের স্থায়িত্ব নিশ্চিতের জন্য প্রয়োজনীয় বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ করেনি।
লাইসেন্স বিহীন পণ্য বাজারজাত করায় প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিকভাবে এক সপ্তাহের সময়সীমা দিয়ে লাইসেন্স গ্রহণ বা নবায়নের জন্য লিখিত নির্দেশনা প্রদান করা হয়।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স গ্রহণে ব্যর্থ হলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোক্তাদের সুরক্ষা ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।
Posted ১০:০৯ অপরাহ্ণ | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।