গাজীপুর প্রতিনিধিঃ | বুধবার, ০৪ মার্চ ২০২৬ | প্রিন্ট
খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, গাজীপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্যোগে নতুন সার নীতিমালা বাতিল বা পুনর্বিবেচনার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার (৪ মার্চ) গাজীপুর জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি পাঠানো হয়।
স্মারকলিপিতে বিক্রেতারা বলেন, কৃষি মন্ত্রণালয়ের প্রণীত ‘সম্মিলিত সার ডিলার নিয়োগ ও সার–সংক্রান্ত নীতিমালা–২০২৫’ গত ১৩ নভেম্বর ২০২৫ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়। ওই নীতিমালায় দেশব্যাপী সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আলাদা করে কার্ডধারী খুচরা বিক্রেতা না রাখার কথাও উল্লেখ আছে।
নীতিমালা অনুযায়ী আগামী ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে সব দেনা–পাওনা নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় পর্যন্ত পূর্বের নিয়মে সার ক্রয়–বিক্রয় কার্যক্রম পরিচালনা করা যাবে না বলেও জানানো হয়েছে। এতে সারা দেশে প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা অনিশ্চয়তায় পড়েছেন বলে দাবি তাঁদের।
স্মারকলিপিতে আরও বলা হয়, অনেক বিক্রেতা প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে পৈতৃক সূত্রে এ ব্যবসার সঙ্গে যুক্ত। ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন তাঁরা। কৃষকদের কাছে ৩০ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত পুঁজি বিনিয়োগ করে বাকিতে সার সরবরাহ করা হয়। চাষাবাদের মৌসুমে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দিয়ে কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাঁরা।
বিক্রেতাদের ভাষ্য, নীতিমালা প্রণয়নের আগে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করা হলে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না। বর্তমানে দোকান ভাড়া, কর্মচারীর বেতন ও ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে তাঁরা চাপে রয়েছেন। নতুন নীতিমালা কার্যকর হলে বহু পরিবার আর্থিক সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
স্মারকলিপিতে নীতিমালার বিতর্কিত অংশ পুনর্বিবেচনা করে বাস্তবায়ন স্থগিত বা সংশোধনের মাধ্যমে খুচরা বিক্রেতাদের কর্মসংস্থান বহাল রাখার দাবি জানানো হয়েছে।
Posted ৭:৪৭ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।