নবকণ্ঠ ডেস্ক | শনিবার, ১৯ জুলাই ২০২৫ | প্রিন্ট
নরসিংদী জেলার বেলাবো উপজেলার টংগীরটেক মৌলভীর বাড়ির বাসিন্দা এবং চণ্ডীপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের মাস্টার (ওরফে আব্দুল খালেক মৌলভী) ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বার্ধক্যজনিত কারণে হৃদরোগসহ নানা জটিল রোগে ভুগে গত বৃহস্পতিবার সকাল ৬টা ১০ মিনিটে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
একইদিন বাদ আসর বিকেল ৫টা ৪৫ মিনিটে মরহুমের নিজ বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় হাজারো মানুষ অংশ নেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।
আলহাজ্ব আব্দুল কাদের মাস্টার ছিলেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের বেলাবো উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিনের শ্রদ্ধেয় পিতা। তিনি ৪৪ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে অসংখ্য ছাত্র-ছাত্রীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। তাঁর অনেক ছাত্র-ছাত্রী আজ দেশের বিভিন্ন পর্যায়ে শিক্ষক, আইনজীবী, ব্যারিস্টার, প্রশাসনিক কর্মকর্তা ও সরকারি উচ্চপদে কর্মরত।
তিনি শুধু একজন শিক্ষকই নন, বরং একজন সম্মানিত ইমাম, ইউনিয়নের সাবেক কাজী, হোমিওপ্যাথ চিকিৎসক এবং সমাজসেবক হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে তাঁর অবদান ছিল অনন্য।
মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
মহান আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে—তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।
Posted ১:৫৯ অপরাহ্ণ | শনিবার, ১৯ জুলাই ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।